জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করেন।
দিনটি উদযাপনে আজ বিকেলে ঢাকায় একটি বড় ধরনের শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হতে যাওয়া এই র্যালিতে পায়ে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বেই এই শোভাযাত্রাটি পরিচালিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার রুট সম্পর্কে জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে কর্মসূচিটি শেষ হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সরাসরি অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শোভাযাত্রাটি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গসংগঠনগুলো এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।

