জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনের অংশ হিসেবে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। সাত ঘণ্টার এই বর্ণিল আয়োজনে অংশ নিচ্ছে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টটি ঐক্য, সম্প্রীতি ও অদম্য চেতনার বার্তা ছড়িয়ে দেবে বলে আয়োজকরা জানিয়েছেন।
কনসার্টের মূল পরিবেশনা বিকেল চারটায় শুরু হলেও দুপুর সাড়ে তিনটায় দর্শক ও শ্রোতাদের জন্য প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হবে।
মূল সংগীতানুষ্ঠানের আগে বেলা তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। আলোচনা সভার সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
ব্যান্ডগুলোর পারফরম্যান্স নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম জানিয়েছেন, তাদের ব্যান্ড ৪৫ থেকে ৫০ মিনিটের মতো মঞ্চে থাকবে। তারা দর্শকদের জন্য ‘হারিয়ে তোমাকে’, ‘বসে আছি’ ও ‘পূর্ণতা’র মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবে। এক ভিডিও বার্তায় ওয়ারফেজ জানিয়েছে, তারা এই আয়োজনের মাধ্যমে অদম্য চেতনার বাংলাদেশকে উদ্যাপন করতে প্রস্তুত। সংগীতের মূর্ছনায় জাতীয় এই দিবসটি ঘিরে পুরো এলাকা একটি উৎসবমুখর পরিবেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

