উপসাগরীয় অঞ্চলে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী জাহাজ ‘আল মায়েদা’-য় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন জাহাজটিতে হামলার পর দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে রিয়াদ।
রোববার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অবস্থান ব্যক্ত করেছে। এতে বলা হয়, এ ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং নৌ চলাচলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের গতিপথ সচল রাখতে এবং সামুদ্রিক নৌ চলাচল নিরাপদ করতে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলা জরুরি। এই প্রেক্ষাপটে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। হামলার ফলে জ্বালানি সরবরাহে সৃষ্ট সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।

