সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকার মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন।
আসিফ নজরুল জানান, ঘটনার সময় তিনি ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিরপুর রোড হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় তীব্র যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা ছিল। পুরনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় গাড়ির জানালা দিয়ে হাত ঢুকিয়ে এক ছিনতাইকারী তার মুঠোফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। সেই সময় তিনি গাড়িতে বসে মেসেজ দেখছিলেন। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ফোনটি হাত থেকে নেওয়ার পরপরই তিনি গাড়ি থেকে নেমে ওই যুবককে ধরার চেষ্টা করেন, তবে ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। নিজের অসতর্কতাকে স্বীকার করে নিয়ে তিনি লিখেছেন, এটা সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি সবাইকে সতর্ক করেছেন। তিনি লিখেছেন, তার ফোন নম্বর থেকে কেউ মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক কিছু লিখলে তা যেন এড়িয়ে চলা হয়। বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করেছেন এবং দ্রুত ফোনটি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, বিষয়টি তারা শুনেছেন। তবে এই ঘটনা নিয়ে থানায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জমা পড়েনি।

