রাজধানীর লালমাটিয়ার কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারে বুধবার রাত ৯টার দিকে ছাত্রদল নেতাকর্মী ও বারের স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রেস্টুরেন্টটিতে ছাত্রলীগের এক নেতার উপস্থিতির অভিযোগ পেয়ে তাকে আটক করতে যায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। সেখানে বারের কর্মীরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এবং পরবর্তীতে মারামারি শুরু হয়। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনাবাজারের পাশে এ ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে গ্রেফতার করা হবে।
ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদলের আরও নেতাকর্মী রেস্টুরেন্টের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল নেতাকর্মীদের সহায়তায় রেস্টুরেন্টের ভেতর থেকে অভিযুক্ত স্টাফদের বের করে আনার চেষ্টা করলে পুনরায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ছাত্রলীগের এক নেতাকে ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে এই মারামারি হয়। বর্তমানে বারের কয়েকজন স্টাফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এডিসি জুয়েল রানা আরও বলেন, এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

