২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এই নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। লটারিতে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য সমসংখ্যক অপেক্ষমাণ তালিকাও রাখতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিতরা ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নেওয়া হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০ নম্বর, যার মধ্যে বাংলা ও ইংরেজি ১৫ করে এবং গণিত অংশে ২০ নম্বর থাকবে। এই পরীক্ষার জন্য সময় নির্ধারিত হয়েছে এক ঘণ্টা। অন্যদিকে, চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান হবে ১০০। এতে বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং গণিত ৪০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় দুই ঘণ্টা। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে।
ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এলাকাভিত্তিক (ক্যাচমেন্ট) কোটা সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বিদ্যালয়ের নিকটবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন বরাদ্দ রাখতে হবে, বাকি ২০ শতাংশ আসনে সাধারণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে। ভর্তি প্রক্রিয়া শুরুর আগেই বিদ্যালয় কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। যে এলাকাভিত্তিক শিক্ষার্থীর বসবাসের ঠিকানা অনুযায়ী ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করা হবে।
নীতিমালায় ভর্তির জন্য নির্দিষ্ট বয়সের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ছয় বছর পূর্ণ হতে হবে এবং সাত বছরের কম হতে হবে। এই বয়সের প্রমাণ হিসেবে অনলাইন জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় দেওয়া যাবে। প্রতি শ্রেণির প্রতিটি শাখায় শিক্ষার্থী সংখ্যা সর্বোচ্চ ৫৫ জনের বেশি রাখা যাবে না। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।
বিভিন্ন ক্যাটাগরিতে আসন সংরক্ষণের বিশেষ নির্দেশনাও রয়েছে নীতিমালায়। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, বিদ্যালয়ে অধ্যয়নরত ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন বরাদ্দ থাকবে। উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে এ আসনগুলো সাধারণ ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে।
সরকারি চাকরিজীবীদের বদলিজনিত কারণে সন্তানদের ভর্তির ক্ষেত্রেও বিশেষ ছাড় রাখা হয়েছে। বদলির তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করলে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন থেকে সন্তানকে ভর্তির সুযোগ দেওয়া হবে। তবে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে হতে হবে। ভর্তি ফরমের মূল্য প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত ফিয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরো ভর্তি কার্যক্রম স্বচ্ছ রাখতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি কাজ করবে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

