ইরান কেন্দ্রিক মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়া কাতারের অর্থনীতি আগামী ২০২৭ সালের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ও মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি এ সংক্রান্ত একটি ইতিবাচক পূর্বাভাস দিয়েছেন।
এক সাক্ষাৎকারে শেখা আলানুদ জানান, চলমান যুদ্ধের কারণে কাতারের রাজস্ব আয় ৪২ শতাংশের মতো হ্রাস পেয়েছে। এর পাশাপাশি দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার সংকুচিত হয়েছে প্রায় ১৪ শতাংশ। কাতার আমিরও শুরা কাউন্সিলের এক বৈঠকে উদ্ভূত অর্থনৈতিক ক্ষতির বিষযে উন্মুক্ত আলোচনা করেছেন। একই সময়ে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারেও প্রায় ১৪ শতাংশ সংকোচন হয়েছে।
চলতি ক্ষতি সত্ত্বেও এই মন্দা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে আশাবাদ প্রকাশ করেন এই বিশ্লেষক। তার মতে, ২০২৭ সালের শুরুর দিকেই কাতারের অর্থনৈতিক অবস্থা ফের উদ্বৃত্ত অর্জনের ধারায় ফিরবে। তবে সার্বিক পুনরুদ্ধারের পথে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তাকে তিনি প্রধান বাধা বলে চিহ্নিত করেন।
জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি সতর্ক করেন যে, সামনে শীতকাল থাকায় ইউরোপের দেশগুলোকে দ্রুত বিকল্প সরবরাহের বন্দোবস্ত করতে হবে। যুদ্ধের এই অচলাবস্থা শেষ হওয়া পর্যন্ত দীর্ঘদিন অপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। ইতোমধ্যে পোল্যান্ড কাতারের সঙ্গে চুক্তি বাতিল করে সরে এসেছে। এই অস্থিরতা এবং ইউরোপের বিকল্প বাজারে ঝুঁকে পড়া কাতারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
