সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠক চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম সরাসরি ত্রিপক্ষীয় সংলাপ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, ১০ নভেম্বর মঙ্গলবার থেকে দুই দিনের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতা করছেন।
রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। তিনি ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম শান্তি আলোচনা থেকেই রুশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার সঙ্গে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।
ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব দ্য পিপলের নেতা দাভিদ আরাখামিয়া। আবুধাবিতে বিভিন্ন ইউরোপীয় দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকলেও, মূল ত্রিপক্ষীয় আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়ে কড়া আপত্তি জানিয়েছে মস্কো।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মূল আলোচনার আগে ইউক্রেনীয় প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং মার্কিন দূতদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। ফ্রান্সের মতে, ইউরোপীয় নিরাপত্তার সুরাহা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়, তাই এ ক্ষেত্রে তাদের সম্পৃক্ততা জরুরি। তবে রাশিয়া বরাবরই ইউক্রেন ও মার্কিনিদের সংলাপে ইউরোপীয়দের কোনো স্থান নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে। ফ্রান্স বলেছে, ইউরোপীয় নিরাপত্তার সমাধান না করে ইউক্রেনে কোনো স্থায়ী শান্তি আসতে পারে না এবং এর জন্য ইউরোপীয়দের সম্পৃক্ততা প্রয়োজন। তবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ইউক্রেনীয় ও মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইউরোপীয়দের কোনো স্থান তারা দেখছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভূখণ্ড বিনিময়ের বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ সুগম করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে ইউক্রেনকে নিরাপত্তা সুরক্ষা দেওয়ার বিষয়টিও আলোচনার টেবিলে রয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তাকাঠামো নির্ধারণ, সংঘাতের ঝুঁকি হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো এই আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে এই শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ আশাবাদী। ৮ নভেম্বর রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন বর্তমানে চুক্তির খুব কাছাকাছি রয়েছে।
ট্রাম্প বলেন, আমরা এটি সফলভাবে সম্পন্ন করতে পারব বলে মনে করি। তিনি আরও উল্লেখ করেন, চুক্তির পর ইউক্রেনকে হয়তো কিছুটা ভিন্ন রূপে দেখা যাবে, তবে নির্দিষ্ট কোনো ভূখণ্ড বা সীমানা পরিবর্তনের বিষয়ে তিনি বিশদ কিছু জানাননি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দুই রাষ্ট্রপ্রধান জেলেনস্কি ও পুতিনের মধ্যকার তীব্র বিদ্বেষকেই তিনি বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন। তবে ইউক্রেনের কোন কোন অঞ্চলের অবস্থান বা সীমান্ত পরিবর্তিত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, পুতিন যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার এবং ওই এলাকাগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে, জেলেনস্কি শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করে আসছেন। সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো ধরনের শান্তি বা আত্মসমর্পণ মানতে রাজি নন তিনি।

