বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের নেতৃত্বকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে অভিহিত করছেন বিশ্বনেতারা। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ৩১’-এর সাইডলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, সম্মেলন চলাকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রীকে নিয়ে এমন ইতিবাচক মনোভাব উঠে এসেছে।
প্রতিমন্ত্রী জানান, ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর এই ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছেন। কপ৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এর মধ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকগুলো বিশেষ গুরুত্ব বহন করছে।
সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে যাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে তাদের তালিকায় রয়েছেন ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; মলদোভার প্রধানমন্ত্রী; পাকিস্তানের প্রধানমন্ত্রী; কুয়েতের প্রধানমন্ত্রী; ওআইসি মহাসচিব; লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। হুমায়ুন কবির জানান, এই সাক্ষাৎগুলো ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও প্রধানমন্ত্রীর নির্বাচনি ম্যান্ডেটকে স্বাগত জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও খুব দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহের কথা ব্যক্ত করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট পুনর্গঠন কাজ, বিনিয়োগ, দক্ষ জনশক্তি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
লন্ডনের মেয়রের সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের লন্ডনের অভিজ্ঞতার সুবাদে মেয়র নিজে থেকেই সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এই সফরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানালে, তিনি আগামী বছরের যেকোনো সময় সফরের আশ্বাস দেন।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির জানান, জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের মতো সম্ভাবনাময় প্রকল্পে চীনা বিনিয়োগের বিষয়টি আলোচনায় স্থান পেয়েছে। একই সঙ্গে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। এ সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সেখানে রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সুযোগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানানো হয়েছে।

