যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম জয়ী হয়েছেন। রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে হারিয়ে তিনি এই ঐতিহাসিক জয় পেলেন। এর মধ্য দিয়ে ১৮৭৪ সালের পর অর্থাৎ দীর্ঘ ১৫২ বছর পর অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেল। গৃহযুদ্ধের পরবর্তী পুনর্গঠন যুগে ১৮৭৪ সালে মিসিসিপি থেকে ব্লাঞ্চ ব্রুস নামে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি সিনেটর নির্বাচিত হয়েছিলেন, যিনি পূর্বে দাস ছিলেন।
রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিসিসিপিতে কোলমের এই জয়কে বড় অঘটন হিসেবে গণ্য করা হচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে এরই মধ্যে ডেমোক্র্যাটরা বড় ব্যবধানে পেছনে ফেলেছে। এই জয় সেই ধাক্কাকে আরও জোরালো করল। বর্তমান ফলাফল অনুযায়ী, ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে ৫৫ তে দাঁড়িয়েছে এবং রিপাবলিকানদের আসন ৪৪। তবে আলাস্কার একটি আসনের চূড়ান্ত ফলাফল এখনও আসা বাকি রয়েছে। সেখানে ১৩টি আসনের ফল ঘোষণা এখনো বাকি।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ২৫৪টি এবং রিপাবলিকানরা ১৬৮টি আসন পেয়েছে। এ পর্যন্ত ৪১টি অতিরিক্ত আসন পাওয়ায় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোয় প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর মেয়াদের বাকি সময়ে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে হবে, যা তাঁর প্রশাসনের আইন প্রণয়ন ও তদন্তের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এতে বিরোধী দলটি নিজেদের পছন্দের আইন প্রণয়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে বাধা দিতে পারবে।
মিসিসিপির এই সিনেট আসনটির ভোট গণনা এক সপ্তাহের বেশি সময় ধরে চলেছে। প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত হাড্ডাহাড্ডি হওয়ায় এক পর্যায়ে ব্যবধান খুবই সামান্য ছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ৪৩ বছর বয়সী জেলা অ্যাটর্নি স্কট কোলম ৪ হাজার ৫০০-এর বেশি ভোটে অর্থাৎ ০ দশমিক ৫ শতাংশ পয়েন্ট ব্যবধানে জয়ী হয়েছেন। ১৯৮২ সালে জন স্টেনিসের পর মিসিসিপি থেকে সিনেটে নির্বাচিত হওয়া প্রথম ডেমোক্র্যাট প্রার্থী তিনি।
অন্যদিকে, ৬৭ বছর বয়সী রিপাবলিকান সিনেটর সিন্ডি হাইড-স্মিথ ২০১৮ সালে প্রথম নির্বাচিত হয়েছিলেন এবং বিভিন্ন জনমত জরিপে তিনি শুরু থেকেই এগিয়ে ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই অঙ্গরাজ্যে প্রায় ২৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন এবং এবারের নির্বাচনে তিনি হাইড-স্মিথের পক্ষে প্রচারও চালিয়েছিলেন।
অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোলম বলেছিলেন, ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে মিসিসিপির ভোটাররা নিজেদের প্রতারিত মনে করছেন। বিশেষ করে ইরানে যুদ্ধের ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে পৌঁছাতে কোলম বিভিন্ন জনসভা করেছেন এবং সরকারি আবাসন প্রকল্পে গিয়ে সরাসরি কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমরা অত্যন্ত কঠিন পথ পাড়ি দিয়ে মানুষের কাছে পৌঁছেছি।’
উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন কোলমকে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে কোলমের অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে হাইড-স্মিথ সেই মনোনয়ন আটকে দিয়েছিলেন। যদিও মিসিসিপির আরেক রিপাবলিকান সিনেটর রজার উইকার তখন তাঁর মনোনয়নের পক্ষে ছিলেন।

