ইন্টারনেটের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জগতে ওয়েবসাইটের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বিশ্বজুড়ে মোট ওয়েবসাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৫১টিতে। অথচ ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১৩৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ১৯৪টি। সাইটফির সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বর্তমানে প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ৩ লাখ ২১ হাজার ৪০৯টি নতুন ওয়েবসাইট যুক্ত হচ্ছে। এই হিসাব অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১৩ হাজার ৩৯২টি, প্রতি মিনিটে ২২৩টি এবং প্রতি সেকেন্ডে চারটি করে নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। তবে ওয়েবসাইট বৃদ্ধির এই গতি বিগত সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ হ্রাস পেয়েছে। গত সেপ্টেম্বরের হিসাবে বিশ্বজুড়ে মোট ওয়েবসাইটের সংখ্যা ১৪৭ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৫১। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১৩৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ১৯৪।
প্রচুর ওয়েবসাইট থাকলেও এর সিংহভাগই এখন নিষ্ক্রিয়। বর্তমানে মাত্র ১৫ শতাংশ ওয়েবসাইট সক্রিয় বা সচল রয়েছে। গত সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, সক্রিয় ওয়েবসাইটের সংখ্যা ২১ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৩টি। বাকি ৮৫ শতাংশ বা ১২৫ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৫৪৮টি ওয়েবসাইট নিষ্ক্রিয় অবস্থায় আছে, যার বড় অংশই পার্কড ডোমেইন হিসেবে পড়ে থাকে। এর মানে হলো, প্রতি একটি সক্রিয় ওয়েবসাইটের বিপরীতে প্রায় ৫ দশমিক ৮টি নিষ্ক্রিয় ওয়েবসাইট রয়েছে। গত সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী সক্রিয় ওয়েবসাইটের সংখ্যা ২১ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৩। এর মধ্যে বেশির ভাগই পার্কড ডোমেইন বা অনুরূপ কাজে ব্যবহৃত হয়।
২০২৬ সালের নভেম্বরের ডেটা অনুযায়ী, ওয়েবসাইট হোস্টিংয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ৩৩ দশমিক ২ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে। ১৬ দশমিক ১ শতাংশ ওয়েবসাইট নিয়ে জার্মানি দ্বিতীয় অবস্থানে আছে। ভাষা ব্যবহারের দিক থেকে ইংরেজি এখনো অপ্রতিদ্বন্দ্বী; বিশ্বের ৪৯ দশমিক ৫ শতাংশ ওয়েবসাইট এই ভাষায় প্রকাশিত। এরপরে রয়েছে স্প্যানিশ (৬ শতাংশ), জার্মান (৫ দশমিক ৯ শতাংশ), জাপানি (৪ দশমিক ৯ শতাংশ) ও ফরাসি (৪ দশমিক ৬ শতাংশ) ভাষা। বিশ্বে সাত হাজারের বেশি ভাষা থাকলেও ইন্টারনেটে ২০০টির কম ভাষার ডিজিটাল উপস্থিতি রয়েছে। এ ছাড়া ৯ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের ৩৯ দশমিক ৪ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে তৈরি হয়েছে। ওয়েবসাইট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থান ধরে রেখেছে।
ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যানও বেশ চমকপ্রদ। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৭৪ শতাংশ মানুষ বা ৬০০ কোটি ব্যক্তি ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৫৮০ কোটি। ওয়েবসাইট তৈরির মাইলফলকের দিকে তাকালে দেখা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ১০০ কোটি ওয়েবসাইটের সীমা অতিক্রম হয়েছিল। মাঝে দেড় বছর এই সংখ্যা নিচে নেমে এলেও ২০১৬ সালের মার্চে তা পুনরায় ১০০ কোটির ঘর ছাড়ায়। জানুয়ারি ২০২৬–এর হিসাব অনুযায়ী, তখন মোট ওয়েবসাইট ছিল ১৩৭ কোটি ৬৯ লাখ ৫২ হাজার ৩৯০টি, যার মধ্যে সক্রিয় ছিল ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ বা ২০ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৫৭৩টি ওয়েবসাইট।

