মালয়েশিয়ার সুনামধন্য প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন, বিএইচডি’-তে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইলেকট্রনিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে প্রাপ্ত ৪ হাজার ২৯টি আবেদনের মধ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে এই লটারি পরিচালিত হয়। একই দিন বিকেল সাড়ে ৪টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে বোয়েসেল কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে নিরপেক্ষভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন স্থান পেয়েছেন। এই প্রার্থীরা নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে বাছাই করা ১১২ জন কর্মী একদম জিরো কস্টে বা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। তালিকাটি দ্রুতই বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল পেজে প্রকাশ করা হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, পাঁচ বছরে ১ কোটি কর্মী পাঠানোর সরকারি লক্ষ্যমাত্রা অর্জন ও ঘোষিত ‘জিরো কস্টে’ বিদেশ পাঠানোর বাস্তবায়নে এ ধরনের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখছে। অন্যদিকে, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রথমবারের মতো লটারির এই উদ্যোগ স্বচ্ছতা বাড়াবে বলে উল্লেখ করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি জনশক্তি প্রেরণের যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
বোয়েসেল প্রধান আরও জানান, নির্বাচিত কর্মীদের চূড়ান্ত ফ্লাইটের কাজ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে। এর পাশাপাশি বোয়েসেল ইতোমধ্যে কেয়ারগিভিং, পর্যটন ও ম্যানুফ্যাকচারিং খাতে অতিরিক্ত ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র হাতে পেয়েছে। এই নিয়োগের আওতায় বিমানভাড়া ও মেডিকেল ফিসহ সমস্ত খরচ নিয়োগকর্তা বহন করায় প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যেতে পারবেন। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহার এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

