যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার নিরাপত্তা ও ‘অস্বাভাবিক পরিস্থিতি’র কারণ দেখিয়ে সব বিমানবন্দর থেকে উড়োজাহাজ উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ জারি করেছে। এ পরিস্থিতির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন।
হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কওয়েন মুলিন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এ বিপর্যয় কেন ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এটি কোনো সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ত্রুটি—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই মুহূর্তে কোনো সম্ভাবনাই পুরোপুরি নাকচ করে দেওয়া যাচ্ছে না। তবে জনসাধারণের আতঙ্কের কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।
মুলিন জানিয়েছেন, পুরো যুক্তরাষ্ট্রের আকাশসীমা অচল হয়ে পড়েনি; অন্তত দুটি অঞ্চলে যোগাযোগব্যবস্থা পুরোপুরি সচল রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চল দুটির নাম তিনি প্রকাশ করেননি। তিনি আরও উল্লেখ করেন, আকাশে থাকা উড়োজাহাজগুলোর অবস্থান শনাক্ত করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। তবে এটি দ্রুত সমাধান হওয়ার মতো বিষয় নয়, সবকিছু ঠিকঠাক হতে কিছুটা সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন। আকাশে থাকা সব উড়োজাহাজের অবস্থানও জানা গেছে।
এদিকে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এফবিআই এই বিপর্যয়ের পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সাইবার হামলার প্রাথমিক প্রমাণ পায়নি। তদন্তকারীরা মূলত সফটওয়্যার হালনাগাদজনিত কোনো ত্রুটি থেকে এমনটা ঘটেছে কি না, তা যাচাই করছেন। অন্যদিকে, জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নের কথা জানিয়েছে, যার ফলে তাদের ওয়েবসাইট থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনো সফটওয়্যার হালনাগাদের কারণে এ বিপর্যয় ঘটেছে কি না।
এই নিষেধাজ্ঞার প্রভাব যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ফ্লাইটেও পড়েছে।
ইউরোকন্ট্রোল জানিয়েছে, এফএএর অনুরোধে ইসরায়েলসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও যাত্রীদের সতর্ক করে উড়োজাহাজ সংস্থার সঙ্গে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। মেক্সিকো সিটির বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে বিঘ্নের তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউরোপের ৪২টি দেশের বিমান চলাচল সমন্বয়কারী সংস্থা ইউরোকন্ট্রোলের ওয়েবসাইটে বলা হয়েছে, এফএর অনুরোধে সদস্যদেশগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে ফ্লাইট নেটওয়ার্ক স্বাভাবিক হতে সপ্তাহান্ত পর্যন্ত সময় লেগে যেতে পারে। বিমান চলাচল বিশ্লেষক রবার্ট মানের ভাষ্যমতে, এমন বিলম্বের প্রভাব এয়ারলাইনগুলোর শিডিউলে ব্যাপক প্রভাব ফেলে। প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে একই ধরনের পরিস্থিতির কারণে প্রায় ৯৫ মিনিট ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল। এবারের নিষেধাজ্ঞা স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে শুরু হওয়ার পর দীর্ঘ সময় বহাল রয়েছে। শুক্রবারের নিষেধাজ্ঞা এরই মধ্যে সেই সময়সীমা ছাড়িয়ে গেছে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদও তা বহাল ছিল।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ অবকাঠামো নিয়ে দীর্ঘদিনের সমালোচনা নতুন করে আলোচনায় এসেছে। সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহনবিষয়ক কমিটির মতে, বর্তমান এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর আধুনিকায়ন প্রয়োজন। কমিটির তথ্যমতে, ১৯৬০-এর দশকে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের আমলের পর থেকে দেশটিতে নতুন কোনো নিয়ন্ত্রণকেন্দ্র নির্মাণ করা হয়নি, যা বিমান চলাচল ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তোলে।

