ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের বিষয়ে ভারত বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো দেশই তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকী আফ্রিকান কোনো দেশও তাকে নিতে সম্মতি দেয়নি। গত ১৩ নভেম্বর শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।
নিজের পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ আফ্রিকার কোনো রাষ্ট্রই এই নেতাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি। তিনি আরও বলেন, দিল্লিতে হাসিনার দীর্ঘ অবস্থানের বিষয়টি ভারত সরকারের জন্য ক্রমে বিব্রতকর হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে গণহত্যায় অভিযুক্ত একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতকে বিভিন্ন মহলে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে সহকারী প্রেস সচিব বলেন, ভারতের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হতে পারে হাসিনাকে তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়া, কিন্তু সেই চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। এই পরিস্থিতিতে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র যৌক্তিক পথ। তিনি অভিযোগ করেন, শেষ চেষ্টা হিসেবে হাসিনা এখন তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করে দেশে ফেরার চেষ্টা করছেন।
নাজমুল হক বলেন, ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার সময় হাসিনা নিজের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিলেও লাখো নেতাকর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গেছেন। এ সময় হাসিনাপুত্রের দেওয়া দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, তখন বলা হয়েছিল আপনারা আপনাদের ভালো-মন্দ বোঝেন, আমরা আপনাদের সঙ্গে নেই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পলাতক অবস্থান থেকে যেসব নতুন কার্যক্রমের ঘোষণা দিচ্ছে, তা দেশে থাকা নেতাকর্মীদের আবারও ঝুঁকির মুখে ফেলছে বলে তিনি মনে করেন।
দেশের ভেতরে যারা এখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদের প্রতি সতর্কবার্তা দিয়ে নাজমুল হক লিখেছেন, যে পরিবার নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলের কর্মীদের জীবন বিপন্ন করছে, তাদের জন্য আর সময় নষ্ট করার সুযোগ নেই। যারা আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করেন, তাদের নিজেদের ও পরিবারের কথা ভেবে এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

