ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি বজায় থাকলেও ইসরাইলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বরে রাফাহ ব্রিগেডের দায়িত্বে থাকা নায়েল আবু ওবেইদ ওরফে ‘আবু আতিয়া’ নিহত হলে তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।
গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে গত বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী পৃথক একটি অভিযান পরিচালনা করে। ইসরাইলের ভাষ্যমতে, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইলসহ বেশ কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ইসরাইলি এই দাবিকে নাকচ করে দিয়ে হামাস জানিয়েছে, সেখানে একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির দাবি, চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরাইল বেসামরিক এলাকায় চালানো অপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসাকেন্দ্রগুলো যেকোনো পরিস্থিতিতে সুরক্ষিত থাকার কথা। এর আগে হামাস এক বিবৃতিতে দখলদার বাহিনীর এই লঙ্ঘন বন্ধে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

