জলবায়ু সম্মেলনে তুরস্কের আনতালিয়ায় ১০ হাজারের বেশি মানুষের বিক্ষোভ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে তুরস্কের আনতালিয়ায় শনিবার ১০ হাজারের বেশি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে আয়োজিত এই বিশাল মিছিলটি কয়েক বছরের মধ্যে দেশটিতে অন্যতম বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আইদিন কানজা পার্ক থেকে শুরু হয়ে রিপাবলিক স্কয়ারে গিয়ে এই মিছিল শেষ হয়। জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ চলার মধ্যে শনিবার অনুষ্ঠিত এ মিছিলে জলবায়ু সুবিচার নিশ্চিতের পাশাপাশি মানবাধিকার, গণতান্ত্রিক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভের আয়োজক কমিটির সদস্য নিল ওরম্যানলি জানান, দীর্ঘদিন পর তুরস্কে এত মানুষের অংশগ্রহণে এমন কর্মসূচি দেখা গেল। আয়োজকদের দাবি, শুধু আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়ে জলবায়ু সংকট সমাধান সম্ভব নয়; বরং কয়লাসহ জীবাশ্ম জ্বালানিনির্ভর সব প্রকল্পের সম্প্রসারণ বন্ধ করতে হবে। কর্মসূচিতে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, স্থানীয় নাগরিক সমাজ, শ্রমিক ইউনিয়ন ও বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া অনেকেরই মূল প্রশ্ন ছিল—একদিকে জলবায়ু রক্ষার প্রতিশ্রুতি দিয়ে সরকার কীভাবে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি প্রকল্পের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখতে পারে? কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলনরত ৬১ বছর বয়সি এক বিক্ষোভকারী পরিস্থিতির দ্বৈত অবস্থানকে অত্যন্ত বেদনাদায়ক ও হাস্যকর বলে মন্তব্য করেন।

বিক্ষোভের অনুমতি থাকলেও শুরু থেকেই কঠোর নিরাপত্তার বেড়াজাল ছিল। মিছিলের নির্দিষ্ট পথে প্রবেশের আগেই পুলিশ প্রতিটি প্ল্যাকার্ড ও ব্যানার তল্লাশি করেছে। জার্মানির সাবেক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ক্লডিয়া রথ এতে সংহতি জানিয়ে অংশ নেন। এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে তিনি রংধনুর রঙের মোজা পরেছিলেন এবং নিরাপত্তা বাহিনীকে শান্ত থাকার ও কোনো ধরনের দমন-পীড়ন না চালানোর আহ্বান জানান। পুলিশের ব্যাপক তল্লাশি ও নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দমন-পীড়নের ব্যবস্থা ইতিমধ্যে সক্রিয়। গত সেপ্টেম্বরে এলজিবিটিকিউ সংগঠনগুলোতে অভিযান এবং জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো সম্মেলন চলাকালে বিক্ষোভের ওপর ব্যাপক বিধিনিষেধের বিষয়টি তাঁদের উদ্বেগ বাড়িয়েছে।

তুরস্কের বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও নাগরিক সমাজের ওপর চাপের কারণে অনেক অংশগ্রহণকারী সতর্ক ছিলেন। ফ্রাইডেস ফর ফিউচারের আন্দোলনকর্মী লুইজা নয়বাওয়ারের মতে, স্থানীয়দের ঝুঁকি এড়াতে কিছু স্লোগান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার অভিযোগ, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে সরকার বিশ্বমঞ্চে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার মাধ্যম হিসেবে ব্যবহার করছে, অথচ দেশের অভ্যন্তরীণ দমন-পীড়ন ও মানবাধিকারের অবনতি উপেক্ষা করে যাচ্ছে।

এদিকে সমান্তরালে শুরু হওয়া ‘পিপলস ক্লাইমেট সামিট’-এ অংশ নিচ্ছেন শত শত স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠন। এই আয়োজনের উদ্দেশ্য হলো জাতিসংঘের মূল আলোচনার বাইরে থাকা তৃণমূল পর্যায় ও পরিবেশবাদী বিশেষজ্ঞদের মতামত ও উদ্বেগগুলো তুলে ধরা। সম্মেলনের সহ-আয়োজক সুহেইলা দোয়ান বলেন, তারা পরিবেশ ধ্বংসের পাশাপাশি গণতন্ত্র ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

পশ্চিম তুরস্কের মাউন্ট ইদা পাহাড়ি অঞ্চল রক্ষার আন্দোলনের সাথে যুক্ত দোয়ান দেশটির জলবায়ু অঙ্গীকারের কঠোর সমালোচনা করেন। তিনি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন। বিক্ষোভকারীদের সম্মিলিত দাবি হলো, জলবায়ু নীতিনির্ধারণের ক্ষেত্রে তৃণমূলের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নাগরিক সমাজের স্বাধীনতা সুরক্ষিত রাখতে হবে।

শিরোনাম :
জলবায়ু সম্মেলনে তুরস্কের আনতালিয়ায় ১০ হাজারের বেশি মানুষের বিক্ষোভ রাজধানীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ৫ বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা ঘটনায় বকেয়া টাকা নিয়ে বিরোধে প্রাণ হারালেন কল্যাণপুরের চা দোকানি পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্কের শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত: কেন পাসপোর্টের আবেদন নাকচ রিজভী: ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের সামোয়ার বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার চিত্র হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী জলবায়ু সম্মেলনে তুরস্কের আনতালিয়ায় ১০ হাজারের বেশি মানুষের বিক্ষোভ রাজধানীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ৫ বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা ঘটনায় বকেয়া টাকা নিয়ে বিরোধে প্রাণ হারালেন কল্যাণপুরের চা দোকানি পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্কের শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত: কেন পাসপোর্টের আবেদন নাকচ রিজভী: ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের সামোয়ার বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার চিত্র হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী