যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের শক্তি প্রদর্শনে নতুন এক ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। মঙ্গলবার (১০ নভেম্বর) এই স্থাপনাটির উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে তেহরান মূলত তাদের সক্ষমতার বার্তা বিশ্ববাসীকে জানান দিয়েছে।
ভিডিও ফুটেজে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো বহনের জন্য ব্যবহৃত লঞ্চার প্রদর্শিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত ছিলেন। তারা মাটির গভীরে তৈরি এই স্থাপনাটি পরিদর্শন করে ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর যুদ্ধপ্রস্তুতি ও অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করেন। ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিকম, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়।
সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেওয়ার পাশাপাশি ইরানের প্রকৃত শক্তি প্রদর্শনে সক্ষম হবে। গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কিছু সামরিক সক্ষমতা সামনে আনা হবে। মঙ্গলবার সেই ঘোষণারই প্রতিফলন ঘটল। ভবিষ্যতের চমকপ্রদ প্রযুক্তি: মোহেব্বি গোপন রাখা কিছু নতুন সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, শত্রুপক্ষ যদি ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সেসব নতুন প্রযুক্তি সামনে আনা হবে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা: শত্রুর মূল সামরিক ও প্রযুক্তিগত অবকাঠামোয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারে প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে, যা শত্রুপক্ষকে নতুন কোনো আগ্রাসনের আগে বারবার চিন্তা করতে বাধ্য করবে।
মোহেব্বি জানান, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থাকে ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ অবকাঠামোয় স্থানান্তরিত করেছে। ফলে শত্রুপক্ষের তীব্র বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হবে। নমনীয় যুদ্ধকালীন উৎপাদন: প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।
সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি ইরানের ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে নিজস্ব প্রযুক্তি ও বিজ্ঞানের সমন্বয়ে মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন অন্যতম। দেশটি এখন অস্ত্র আমদানিকারকের পরিবর্তে সামরিক সরঞ্জামের রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বিশেষ করে ‘শহীদ-১৩৬’ ড্রোন এখন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে তৈরি হচ্ছে, যা বিশ্বের অনেক দেশ অনুকরণ করছে। এছাড়াও ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিদেশে সফলভাবে রপ্তানি করা হচ্ছে। বিজ্ঞান ও শিল্পের সমন্বয়: দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে।
ইরানের সামরিক আত্মনির্ভরশীলতার বিষয়ে তিনি বলেন, বিদেশি যন্ত্রাংশ বা শত্রুর অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তি গড়ে তোলা হয়েছে। তীব্র আক্রমণের মুখেও হালকা ও ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযান চালানোর সক্ষমতা অর্জিত হয়েছে।
শত্রুপক্ষের আকাশযান ধ্বংসের দাবি করে মোহেব্বি বলেন, সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো অত্যাধুনিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে।
প্রযুক্তির ক্ষেত্রে স্টিলেথ সক্ষমতা যোগ করা হয়েছে, যাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাডারে ধরা না পড়ে। এটি আমেরিকার ‘থাড’ বা ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ভবিষ্যতে সংঘাত আরও বাড়লে বিশ্বকে অবাক করে দেওয়ার মতো নতুন সব প্রযুক্তি ব্যবহারের হুমকিও দিয়েছেন তিনি। স্টিলেথ ও রাডার-অদৃশ্য প্রযুক্তি: রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে হ্রাস করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে অদৃশ্য রাখার বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের টানাপোড়েন এবং পারস্য উপসাগরের অস্থিরতার মধ্যে এই নতুন মিসাইল সিটির উন্মোচন ওয়াশিংটন ও তেল আবিবের ওপর বড় ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করেছে।

