ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শনিবার সন্ধ্যায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হরমুজ প্রণালিতে চলমান ইরানি সামরিক তৎপরতার সঙ্গে এই বিস্ফোরণগুলোর কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এসব এলাকায় নির্দিষ্ট কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি তেহরান। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এক সূত্রের বরাতে দাবি করেছে, কেশম দ্বীপে শোনা ওই বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই। এদিকে রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে চলাচলরত দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিপ্লবী গার্ডের ভাষ্যমতে, জাহাজ দুটি অননুমোদিত পথে প্রবেশের চেষ্টা করছিল। তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের সঙ্গে এই মাইন বিস্ফোরণের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো অস্পষ্ট।
এর আগে দ্বীপটিতে যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে হামলা চালিয়েছিল। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলা কোনো বড় ধরনের সামরিক অভিযানের অংশ ছিল না। এর মাধ্যমে নতুন করে সংঘাত শুরুর কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে ইরানের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই বিস্ফোরণের ঘটনা ও এর উৎস নিয়ে রহস্য রয়েই গেছে। কয়েক দিন আগেই দ্বীপটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

