চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা এখন থেকে আগামী ৮ নভেম্বর (রোববার) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে গত ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়েছিল। অনেক শিক্ষার্থী এই সময়ের মধ্যে তাদের আবেদন সম্পন্ন করতে পারেননি। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদনের শেষ সময় ৭ নভেম্বরের পরিবর্তে ৮ নভেম্বর দুপুর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনি।
উল্লেখ্য যে, গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া ৭ নভেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক গোলযোগের কারণে সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি দ্রুত নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ডের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীরা একাধিক বিষয় ও পত্রের বিপরীতে আবেদন করায় এখন পর্যন্ত মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টিতে।

