ভ্রমণ ও পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে চারটি নতুন দেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা উন্মুক্ত করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই সিদ্ধান্তের আওতায় মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়ার নাগরিকেরা এখন থেকে পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। গত ৬ নভেম্বর শুক্রবার সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াত সহজতর করা এবং ভ্রমণের সুযোগ সম্প্রসারণের চলমান উদ্যোগেরই অংশ এটি। এই ভিসার সুবিধা পাওয়ার ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকেরা সৌদি আরবে বিনোদনমূলক অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ওমরাহ পালন করতে পারবেন। একইসঙ্গে দেশটিতে বসবাসরত আত্মীয় বা বন্ধুদের সাথে সাক্ষাতের সুযোগও থাকবে তাদের।
অফিসিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী, যোগ্য আবেদনকারীরা কয়েক ধরনের ভিসা পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিমানবন্দরে পাওয়া অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা। তবে প্রতিটি ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মকানুন আলাদাভাবে মেনে চলতে হবে।
সৌদি আরবকে বিশ্বব্যাপী একটি বড় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা এবং ধর্মীয় ও ব্যবসায়িক সফর সহজ করাই এই নতুন পদক্ষেপের মূল লক্ষ্য। যথাযথ নিয়ম ও শর্তাবলি পূরণ সাপেক্ষে এখন থেকে উল্লিখিত চার দেশের পর্যটকেরা সৌদিতে ভ্রমণের জন্য আবেদন করতে পারবেন।

