আগামী ফেব্রুয়ারির মধ্যেই সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধনী দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী জানান, আইএমএফের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে বর্তমানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের কার্যক্রম শেষ হবে। এ বিষয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন হবে এবং কর্মসূচিটি শুরু হবে। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। মন্ত্রী আরও বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়।
আইএমএফের শর্তাবলি পূরণ না হওয়া বা পিছিয়ে পড়ার অভিযোগ নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী বলেন, মূলত বিগত সরকারের সময় নেওয়া আগের কর্মসূচিগুলোতে এমন অনেক বিষয় ছিল, যা একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাতারাতি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনগণের দুর্ভোগ বাড়ার পাশাপাশি অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে তিনি উল্লেখ করেন। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’।
বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আমির খসরু বলেন, বিশ্বজুড়ে বড় ধরনের পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে দেশের অর্থনৈতিক কাঠামো নতুনভাবে সাজাতে হচ্ছে। সরকার নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো উন্নয়ন অংশীদারদের লক্ষ্য সমন্বয়ের কাজ করছে। আইএমএফের নতুন কর্মসূচির রূপরেখাও বর্তমান পরিকল্পনার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ রাখা হচ্ছে বলে তিনি জানান। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।

