সংবিধান সংশোধন এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রয়েছে। তবে একটি বিষয়ে এই তিনটি দলই অভিন্ন অবস্থানে রয়েছে; আর তা হলো গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই আর দেশে ফিরতে দেওয়া হবে না। পারস্পরিক বৈরী রাজনৈতিক অবস্থান থাকলেও শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতার দিকে এই তিন দলই কড়া নজর রাখছে। পরিস্থিতির প্রয়োজনে তারা যৌথ কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিএনপি।
ফ্যাসিবাদবিরোধী এ দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যক্রম ও তৎপরতার প্রতি তাদের কোনো আস্থা নেই। ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনাকে তারা মূলত কর্মীদের মনোবল চাঙা রাখার একটি কৌশল বা ‘স্টান্টবাজি’ বলে মনে করছেন। তবে বিষয়টিকে হালকাভাবে না নিয়ে তারা সাংগঠনিকভাবে সতর্ক অবস্থানে রয়েছেন। ডিসেম্বরের আগেই পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে দলগুলো জানিয়েছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে পরাজিত অপশক্তি এখনো দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপি নেতাদের বক্তব্য স্পষ্ট, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। তারেক রহমান ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও সরকারের মন্ত্রী পর্যায়ের নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের অপতৎপরতা বা কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সে বিষয়ে তারা প্রশাসনকে সহযোগিতা করবেন। ফলে বক্তব্য-বিবৃতিতে হাসিনা প্রসঙ্গে কথা বললেও তার প্রত্যাবর্তন ঠেকাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা করেনি তারা। ক্ষমতা হারিয়ে তারা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে। দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের অবশিষ্ট দোসররা এসব অপপ্রচার ছড়াচ্ছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়ে প্রশ্ন তুলেছেন যে, দেশের মানুষের রক্ত ঝরিয়ে পালিয়ে যাওয়া কোনো নেতা কি হঠাৎ প্যারাসুট দিয়ে নেমে এসে স্বাগত পাওয়ার আশা করতে পারেন? তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলার মাটি বীরের মাটি এবং জনগণই যেকোনো পরিস্থিতিতে হাসিনাকে প্রতিরোধ করতে প্রস্তুত। একইভাবে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এসএম জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, হাসিনা একজন পলাতক আসামি হিসেবে দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। সরকারই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার মতে, শেখ হাসিনার সাহসের একমাত্র উৎস ছিল ফ্যাসিস্ট ক্ষমতাকাঠামো, যা এখন বিলুপ্ত।
সম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত সম্পৃক্ততা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ বা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট দলগুলো। বিএনপি নেতাদের মতে, এই ঘটনাগুলো আওয়ামী লীগের সাংগঠনিকভাবে ফিরে আসার চেষ্টার অংশ হতে পারে। তাই দলীয় ইউনিটগুলোকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো অভিযোগের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার ওপর জোর দিচ্ছেন নেতারা।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ক্ষমতা কুক্ষিগত থাকা অবস্থায়ই যিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে তার ফিরে আসার মতো শক্তি নেই।
তিনি হুশিয়ারি দেন যে, যদি হাসিনা কোনোভাবে দেশে প্রবেশ করতেও পারেন, তবে জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মতোই ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করবে। জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বিগত বছরগুলোতে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা ও লগি-বৈঠার রাজনীতির কথা উল্লেখ করে বলেন, ভুক্তভোগী পরিবারগুলোই হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তারা পল্টনে লগি-বৈঠা, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং সর্বশেষ ৩৬ জুলাই মিলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আর যদি ‘টুস করে ঢুকে পড়ে’ তাহলে জনগণ জুলাইয়ের মতোই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, চোরাগোপ্তা হামলা বা সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন অসম্ভব। তিনি আইনগত দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ সরকার নিজেই আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তাই অন্য কোনো বিকল্প বা অনৈতিক পন্থায় ফেরার সুযোগ নেই। এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিবও নিশ্চিত করেছেন যে, হাসিনা নিজে ফিরে আসার দাবি তুললেও বাস্তবতা ভিন্ন। ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাসিনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন বাড়ছে। সাধারণ মানুষ এসব কথায় কান দিচ্ছে না। ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে।
বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ইতিহাসে গণঅভ্যুত্থানের পর কোনো অনুশোচনা ছাড়া পালিয়ে যাওয়া সরকারের ফেরার নজির নেই। তিনি বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই, যেখানে গণ-অভ্যুত্থানের মুখে সংসদ, মন্ত্রিপরিষদসহ সরকার পালিয়ে যাওয়ার পর কোনো অনুশোচনা বা ক্ষমাপ্রার্থনা ছাড়াই তারা আবার ফিরে আসতে পেরেছে।
হাসিনাকে মোকাবিলায় অতিরিক্ত প্রস্তুতির চেয়ে দেশের প্রচলিত আইনই যথেষ্ট বলে তিনি মনে করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানিয়েছেন, আওয়ামী লীগকে সাধারণ মানুষই ক্ষমতাচ্যুত করেছে, তাই হাসিনা ফিরলে জনগণই তার ব্যবস্থা নেবে।
সব মিলিয়ে, শেখ হাসিনার ডিসেম্বরের ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে সজাগ রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি।

