সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেদ্দা সুপারডোমে আনুষ্ঠানিকভাবে চার দিনব্যাপী এই আয়োজনের যাত্রা শুরু হয়। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন। সেই সঙ্গে ৫২০টিরও বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে হজ ও উমরা মন্ত্রণালয়। সম্মেলনে থাকবে হজ কাউন্সিল, বিশেষ প্রদর্শনী এবং নতুন উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহিত করার বিভিন্ন কর্মসূচি।
বাংলাদেশ থেকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে প্রতিনিধিত্ব করছেন। এই সম্মেলনে হজ কোটা নির্ধারণের পাশাপাশি দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদনের প্রক্রিয়াও গুরুত্ব পাচ্ছে। নতুন প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগের পাশাপাশি হজযাত্রার বিভিন্ন ধাপ সহজ করার বাস্তবসম্মত সমাধানও প্রদর্শনীতে গুরুত্ব পাবে।
সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনটি সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের একটি অন্যতম বড় কর্মসূচি।
২০১৯ সালে চালু হওয়া এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো হজ ও উমরা পালনকারীদের যাত্রা সহজ, আরামদায়ক এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা। এছাড়া আগামী হজ মৌসুমের প্রস্তুতি আগেভাগে সম্পন্ন করা, সেবার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্তরে সহযোগিতা জোরদার করাও এই সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সম্মেলনের বিস্তারিত তুলে ধরে মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ও মুখপাত্র ড. গাসসান আলনুআইমি জানান, আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন দেশের হজ কার্যালয়ের প্রধানরা এবং বিশেষজ্ঞরা একত্রে মিলিত হচ্ছেন। এতে হজযাত্রীদের প্রয়োজন শনাক্ত করা, সেবার মানোন্নয়নে সমাধান খোঁজা এবং অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে। এতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, কোম্পানি ও বিশেষজ্ঞরা একত্র হবেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মক্কা থেকে বিশ্বে।’ এর মাধ্যমে হজ ও উমরা ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে সৌদি আরবের অর্জিত অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় করা হবে। বৈজ্ঞানিক কর্মসূচির তিনটি মূল স্তম্ভ হলো অবকাঠামো ও পরিচালনাসেবা, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় এবং উন্নয়ন ও টেকসই ব্যবস্থা।
প্রায় ৬৭ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই প্রদর্শনীতে ১৫টির বেশি প্রধান জোন রয়েছে। যেখানে বিমান পরিবহন, যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত প্রযুক্তির উদ্ভাবনী সমাধানগুলো প্রদর্শিত হচ্ছে। এবারের আয়োজনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম’। ‘সচেতনতা থেকে সক্ষমতায়’ স্লোগান নিয়ে এই ফোরাম হজ কর্মীদের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের প্রস্তুতি আরও উন্নত করতে কাজ করবে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, আগের পাঁচটি সম্মেলনে ১ হাজার ৮৫০টির বেশি সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৩১০টি অধিবেশন ও ২৫০টি কর্মশালার মাধ্যমে এই আয়োজনে এখন পর্যন্ত ৫ লাখ ৭০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নিয়েছেন। ড. গাসসান আলনুআইমি আরও বলেন, সম্মেলনের প্রকৃত সাফল্য শুধু সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এসব উদ্যোগকে কার্যকর চুক্তি ও বাস্তবায়ন পরিকল্পনায় রূপ দেওয়ার মাধ্যমেই সেবার মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

