সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এই তথ্য নিশ্চিত করেন। তিনি এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
এই ঘটনার আগে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর পূর্বাঞ্চলের দাম্মাম, আল-আহসা ও আবকাইক শহরে জরুরি সতর্কসংকেত জারি করেছিল। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়ে কর্তৃপক্ষ জানায়, হামলার ঝুঁকি কেটে গেছে। উল্লেখ্য, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এর আগেও সৌদি আরবের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে, যার মধ্যে বিমান চলাচল-সংশ্লিষ্ট স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।
ইয়েমেনের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা শুরু হয় ২০১৪ সাল থেকে, যখন হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশটির বেশ কিছু অঞ্চলের দখল নেয়। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ২০১৫ সাল থেকে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে।

