জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে আর্থিক ও কারিগরি সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনের পার্শ্ববৈঠকে ইইউর আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ খাত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সময়ের মধ্যে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির গাছ।
উপকূলীয় অঞ্চলের সংকটের কথা তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, লবণাক্ততা বৃদ্ধি এবং সুপেয় পানির অভাব উপকূলবাসীর জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এসব সমস্যা সমাধানে কার্যকর অভিযোজন প্রকল্প বাস্তবায়নে ইইউর প্রযুক্তিগত ও আর্থিক বিনিয়োগ জরুরি। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার দূষণ কমানোর বিষয়ে সরকারের চলমান উদ্যোগের কথা তিনি অবহিত করেন।
জবাবে ইইউ প্রতিনিধি ডায়না অ্যাকোনিয়া প্যারিস চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের অটল অবস্থানের কথা জানান। তিনি বলেন, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে এবং এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ইইউর প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় ৫০ শতাংশ বরাদ্দ রাখার লক্ষ্যমাত্রা রয়েছে।
বৈঠকে ইইউর সহায়তায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ, যা অভিযোজন খাতের প্রকল্প প্রস্তুতে সাহায্য করছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে ইইউর সহযোগিতা চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী বিশেষ করে উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ইইউ প্রতিনিধি এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের প্রস্তাবগুলো ব্রাসেলসে সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। এছাড়া ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ ও ইইউর গ্যারান্টি ব্যবস্থার আওতায় বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের আগ্রহ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদারে উভয় পক্ষ একমত হয়েছে এবং ঢাকায় ইইউ প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

