বুধবার ১৮ নভেম্বর সকাল ৯টার দিকে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে জড়ো হন। সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পুরোপুরি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলনের ফলে গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে কাজ করছে পুলিশ।
বিক্ষোভের জেরে এদিন সকালে আরও ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকালের হিসাব অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতির কারণে অন্তত ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

