দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বুধবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাসের প্রেক্ষাপটে এই দাম সমন্বয় করা হয়েছে, যা বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা করা হয়েছে। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও ঘোষণা করেছে বাজুস। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ১৮০ টাকায় বিক্রি হবে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের থেকে কোনোভাবেই অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না, তবে অলংকারের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৭৩ দফা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয়ের ঘটনা ঘটেছে।

