দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার অনুমোদিত প্রস্তাবের অংশ হিসেবে প্রশাসনিক কাঠামোর প্রয়োজনে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালীর বটতলীতে ‘মাতামুহুরী থানা’ স্থাপিত হবে। একই সঙ্গে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা উপজেলায় নতুন ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভাগুলোর ক্ষেত্রে বগুড়ায় মোকামতলা পৌরসভা এবং সিলেটে জৈন্তাপুর পৌরসভা গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
প্রশাসনিক জটিলতা নিরসনে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমানে বিদ্যমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন থানা স্থাপন ও নাম পরিবর্তনের প্রস্তাবগুলো উত্থাপন করেছিল।
অন্যদিকে, প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, লক্ষ্মীপুরের নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তরিত হবে। এছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে আলাদা হওয়া নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

