হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে দুই দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্রস্তাব দিয়েছে ইরান। কাতারের মধ্যস্থতায় তৈরি এই প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রস্তাবিত শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রথম দিন প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দ্বিতীয় দিন থেকেই হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এবং নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে এর পরিণাম হবে ভয়াবহ। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি যুক্তরাষ্ট্র।
গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরান যে সাত দিনের পরিকল্পনা ঘোষণা করেছিল, এই প্রস্তাবটি মূলত তারই সম্প্রসারিত রূপ। এ বিষয়ে গত মাসে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বিস্তারিত জানিয়েছিলেন। তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামাবাদ সমঝোতা বা পারমাণবিক চুক্তি বাতিলের পর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি হ্রাস করা এবং ইরানের তেল রপ্তানির ওপর আগে দেওয়া ছাড় বা নিষেধাজ্ঞা শিথিলতা পুনরায় কার্যকর করা।
এসবের পাশাপাশি কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ অবমুক্ত করার দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের পক্ষ থেকে নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং অন্য নৌপথগুলো বন্ধের দাবিও তেহরানের অন্যতম শর্ত। আরাগচি উল্লেখ করেন, এই সংকট সমাধানের লক্ষ্যে শুধু হরমুজ প্রণালি নয়, বরং লেবাননে ইসরাইলি হামলা বন্ধসহ সব রণাঙ্গনে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো, শুধু হরমুজ প্রণালিতে নয়, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে।
তবে এখন পর্যন্ত ইরানের এই প্রস্তাব ও শর্তাবলি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। আরাগচি সতর্কবার্তায় বলেছেন, শর্ত উপেক্ষা করে নতুন করে কোনো হামলা চালানো হলে পরিস্থিতি চরম আকার ধারণ করবে এবং তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি বয়ে আনবে।

