জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ যোগ দেওয়ার উদ্দেশ্যে তুরস্কের আন্তালিয়ায় সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এসএম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন।
তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরবর্তী দিন প্রধানমন্ত্রী মূল সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার। তিন দিনের সফর শেষ করে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

