রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও অ্যাপ্রোন এলাকায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পড়ে থাকা ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ অবশেষে বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করে এগুলোকে এখন ভাঙারি বা স্ক্র্যাপ হিসেবে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকা এসব উড়োজাহাজ দ্রুত অপসারণের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সম্ভাব্য ক্রেতারাও সচল উড়োজাহাজ হিসেবে নয়, বরং স্ক্র্যাপ বা পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ হিসেবে এগুলো কিনতে আগ্রহী।
বেবিচক সূত্রে জানা গেছে, পরিত্যক্ত উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি এবং জিএমজি এয়ারলাইন্স ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে বিমান রয়েছে।
এগুলো বিমানবন্দরের রপ্তানি কার্গো অ্যাপ্রোনের প্রায় ১ লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট জায়গা দখল করে আছে। এই জায়গাটি বিমানবন্দরের অত্যন্ত সংবেদনশীল ও অপারেশনাল এলাকা হিসেবে পরিচিত। এখান থেকেই সব ধরনের কার্গো কার্যক্রম ও উড়োজাহাজ পার্কিংয়ের কাজ সম্পন্ন হয়। দীর্ঘদিন এসব বিমান পড়ে থাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা ও পণ্য ওঠানামায় বিঘ্ন ঘটছে এবং বন্দরের সক্ষমতা পূর্ণমাত্রায় ব্যবহার করা যাচ্ছে না। একই সঙ্গে বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা ব্যবহারও ব্যাহত হচ্ছে।
উড়োজাহাজগুলোর এয়ারওয়ার্থিনেস বা উড্ডয়নযোগ্যতার সনদ অনেক আগেই তামাদি হয়ে গেছে। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে পড়ে থাকায় এগুলোর বেশিরভাগ যন্ত্রাংশ অকেজো হয়ে গেছে এবং কাঠামোতে মরিচা ধরেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এগুলো আর কখনোই বাণিজ্যিকভাবে উড্ডয়নের উপযোগী নয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এগুলোর মূল্য নির্ধারণ করতে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সেই খরচের চেয়েও কম হতে পারে বলে আশঙ্কা করছে বেবিচক। পরে প্রচলিত আইন অনুযায়ী সেগুলোর নিবন্ধন বাতিল করা হয়।
এই জটিলতা নিরসনে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক গত ১৬ জুলাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এতে ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিমানগুলো বিক্রির অনুমোদন চাওয়া হয়েছে। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা বিমান বাহিনীর মাধ্যমে মূল্যায়ন করানোর চেষ্টা করা হলেও ব্যয়বহুল হওয়ায় শেষ পর্যন্ত উন্মুক্ত নিলামের পথেই হাঁটছে কর্তৃপক্ষ। এ কারণে প্রচলিত ভিত্তিমূল্য নির্ধারণের পরিবর্তে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রস্তাব দেওয়া হয়েছে।
২০২০ সালের ৪ ফেব্রুয়ারি বেবিচক সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে চূড়ান্ত নোটিশ দিয়ে উড়োজাহাজ সরিয়ে নিতে বলেছিল, কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। এরপর প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ের পরামর্শ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মতামতের ভিত্তিতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪ সালের ২৬ মে এগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করা হয়। এরপর বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককেও অবহিত করা হয়েছে। পরে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি ৩০ দিনের চূড়ান্ত নোটিশ দিয়ে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে উড়োজাহাজ অপসারণ না করলে সেগুলো বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হবে। এরপর জাতীয় দৈনিকেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডর আবু সাঈদ মেহবুব খান বলেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব বিমান বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তাই কোনো ভিত্তিমূল্য ছাড়াই এগুলো আন্তর্জাতিক নিলামে তোলার অনুমোদন চাওয়া হয়েছে, যাতে সর্বোচ্চ দরদাতা পাওয়া যায়। বর্তমানে বাস্তবে এগুলো কেবল স্ক্র্যাপ বা ভাঙারিতে পরিণত হয়েছে। এতে বাজারভিত্তিক সর্বোচ্চ দর পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
বিমান খাতের বিশেষজ্ঞদের মতে, দেশের ব্যস্ততম বিমানবন্দরের মূল্যবান এই জায়গাটি পরিত্যক্ত উড়োজাহাজমুক্ত করা এখন সময়ের দাবি। এটি দ্রুত সরিয়ে ফেলতে পারলে বিমানবন্দরের পরিচালন সক্ষমতা ও কার্গো কার্যক্রমের গতি বাড়বে এবং সরকার রাজস্ব আয়ের নতুন সুযোগ পাবে।

