ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা, হরমুজে আতঙ্ক

ইরানের হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গোপন হামলা চালিয়েছে। সম্প্রতি দেশটিতে পরিচালনা করা ধারাবাহিকভাবে একাধিক সীমিত সামরিক অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহে ইরানে নিয়মিত বিরতিতে ওয়াশিংটন গোপনে এসব ছোট আকারের অভিযান পরিচালনা করেছে। অথচ একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা প্রচার করে আসছিলেন।

মঙ্গলবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যে হরমুজ প্রণালির কেশম দ্বীপে পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও সাগরের দিক থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়ার কথা নিশ্চিত করেছে আধা সরকারি সংবাদ সংস্থা ফারস। যদিও এসব হামলায় হতাহতের কোনো খবর কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসব বিস্ফোরণের নেপথ্যে মার্কিন বাহিনী রয়েছে বলে নিশ্চিত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য না করে প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের কাছে পাঠিয়ে দিয়েছে। তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সেনাদের ঝুঁকি মোকাবিলায় প্রশাসন ধারাবাহিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানান, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান এখনো সচল রয়েছে। এই যোগাযোগ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বর্তমানে দোহা সফর করছেন, যেখানে কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা শুরু করেছিল। পরবর্তীতে ইরানও ইসরায়েলি ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। তবে গত এপ্রিলে দুই পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল।

এর আগে গত ১৮ জুন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। কিন্তু প্রণালিটির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ থাকায় সেই চুক্তিটির বাস্তবায়ন কার্যত থমকে আছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তার ওই বক্তব্যের ঠিক পরেই কেশম দ্বীপে এই হামলার খবর সামনে আসায় হরমুজ অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ তুরস্কের জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে বাটার জুতা: সারা বছরই মিলছে বিশাল মূল্যছাড় ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা, হরমুজে আতঙ্ক আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী খেলা দেখিবেন টিভিতে: মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন ও পিএসজি সাফ শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখছে ফেভারিট বাংলাদেশ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন জাতীয় সরকার চান নেতানিয়াহু, বিরোধীদের বৈঠক আজ নাটোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক প্রয়াণ গাজীপুরে মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ তুরস্কের জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে বাটার জুতা: সারা বছরই মিলছে বিশাল মূল্যছাড় ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা, হরমুজে আতঙ্ক আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী খেলা দেখিবেন টিভিতে: মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন ও পিএসজি সাফ শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখছে ফেভারিট বাংলাদেশ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন জাতীয় সরকার চান নেতানিয়াহু, বিরোধীদের বৈঠক আজ নাটোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক প্রয়াণ