নাটোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক প্রয়াণ

নাটোরের লালপুর উপজেলায় রাজশাহীগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. আবু মুসা নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাউড়া রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু মুসা বাঁশবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা সবুজ কুমারের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, তিনি সম্প্রতি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ঈশ্বরদী রেলওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বাউড়া রেলওয়ে ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, প্রাথমিক তদন্তে এটি স্বেচ্ছায় ঘটা একটি ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম :