পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি স্থানীয় মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে মিছিল নিয়ে এসে দলটির নেতা-কর্মীরা এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।
ঘটনাস্থলের দূরত্ব গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩৫০ জনের একটি দল পিকআপ-ট্রাক ও অন্যান্য যানবাহনে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসে। মিছিলটি প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। এরপর হামলাকারীরা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
একইভাবে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও চালানো হয় হামলা। সেখানে থাকা চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কার্যালয়ের টিনের কাঠামো কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত জানান, দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনায় তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সোমবার সকাল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তিনি নিশ্চিত করেন যে, অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম এবং বিএনপি নেতার বাসায় আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল বলে জানা গেছে।

