দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এটিই আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত বুধবার সকালে এখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং ওইদিন বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অগ্রহায়ণের শুরু থেকেই উত্তরের হিমেল বাতাস, কুয়াশা ও মেঘলা আকাশের কারণে পঞ্চগড়ে শীতের আমেজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকেই শীতের পোশাক ছাড়া বাইরে চলাফেরা করা কঠিন হয়ে পড়ছে। গত বুধবার সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ ও কুয়াশা কমতে শুরু করলে উত্তরের শীতল বাতাস বইতে থাকে, যার ফলে রাতের তাপমাত্রা এক লাফে অনেকটা নিচে নেমে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বিগত কয়েক দিন আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকলেও বর্তমানে মেঘ ও কুয়াশা অনেকটা কমেছে। বর্তমানে আকাশে কিছু মেঘ থাকলেও হালকা হিমেল বাতাসের প্রবাহ অব্যাহত আছে। রাতের বেলা শীতের তীব্রতা বেশি অনুভূত হলেও সকালে ঝলমলে রোদ ওঠায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
আবহাওয়া পরিবর্তনের এই ধারা নিয়ে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মারুপাড়া এলাকার বাসিন্দা মো. আল আমিন বলেন, গত কয়েক দিনের তুলনায় বুধবার রাতে শীতের অনুভূতি ছিল অনেক বেশি। ভোরে শীতল বাতাস থাকলেও সকালের রোদে তা কিছুটা সহনীয় হয়ে উঠেছে। কৃষকদের জন্য এই রোদ খুবই দরকারি, কারণ এতে মাঠে কেটে রাখা ধান শুকিয়ে ঘরে তোলার কাজ সহজ হবে।

