জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত ও ন্যায্য হিস্যা আদায় করতে পারবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে অংশ নিতে ২১ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানানোর সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হবে।
পরিবেশ বিপর্যয় ও বৈশ্বিক উষ্ণায়নের এই বৈশ্বিক সংকটকালে রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে আয়োজিত জাতিসংঘের এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সরকারপ্রধানের সশরীরে অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ, ব্যাপকভাবে খাল খনন কর্মসূচি এবং নবায়নযোগ্য শক্তির কার্যকর প্রসারে প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বিএনপির নির্বাচনি ইশতেহারেও অন্যতম অগ্রাধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বিশ্ব জুড়ে চলমান তীব্র তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশগত সংকটের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আজ সমগ্র মানবজাতি এক ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন। আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বনেতা ও জলবায়ু বিশেষজ্ঞদের আলোচনা থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর জন্য কার্যকর ও বাস্তবসম্মত একটি সমাধান বেরিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন। এই কনফারেন্সের মাধ্যমে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের যে প্রভাব সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ কথা বলবেন এবং বিভিন্ন এক্সপার্ট যারা যাচ্ছেন তারাও কথা বলবেন এবং তার মধ্যে দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে।
রুহুল কবির রিজভী আরও উল্লেখ করেন, বৈশ্বিক পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ একেবারে সামনের সারিতে রয়েছে। পৃথিবীর স্বাভাবিক জলবায়ু ফিরিয়ে আনা ও বিশ্বকে বাসযোগ্য করার তাগিদ দিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষায় তারেক রহমানের আন্তরিক উদ্যোগ ও দেশের স্বার্থের কথা বিবেচনা করে কপ-৩১ সম্মেলন থেকে আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও বৈশ্বিক ক্ষতিপূরণে বাংলাদেশ তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সক্ষম হবে। রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন এর কারণেই পৃথিবীতে আজ ভয়ঙ্কর গরম পড়েছে। এরকম একটা পরিস্থিতিতে তারেক রহমানের এই কনফারেন্সে যোগ দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। এই ভয়ঙ্কর গ্লোবাল হিটিং থেকে বাঁচিয়ে গোটা পৃথিবীকে যেন বাসযোগ্য করে গড়ে তুলতে পারি, আমাদের আগের যে ক্লাইমেট ছিল স্বাভাবিকতার মধ্যে যেন ফিরে আনতে পারি এবং জলবায়ু পরিবর্তনের যে নির্দেশন গুলো আমরা দেখছি সেখান থেকে আমাদের পূর্বের অবস্থায়, স্বাভাবিক অবস্থায়।

