আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে এদিন থেকে বিমানবন্দরটির নতুন টার্মিনালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইটের মাধ্যমে এর যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে। এ ফ্লাইটগুলো নিয়মিত চলার পাশাপাশি ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী এ ঘোষণা দেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থার্ড টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব দ্রুত শেষ করার কঠোর নির্দেশনা দিয়েছেন। নির্ধারিত সময়ে টার্মিনাল-৩ এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
প্রাথমিক পর্যায়ের কার্যক্রম শুরুর পর টার্মিনালটিকে পূর্ণাঙ্গভাবে সচল করার জন্য কাজ নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। পরবর্তী ধাপে আগামী মার্চ মাসে টার্মিনালটি পুরোপুরি কার্যক্রম পরিচালনার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। দীর্ঘদিনের প্রচেষ্টায় প্রকল্পটি আজ চালুর পর্যায়ে এসেছে, যা দেশের বিমান চলাচল খাতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সভায়।
সভায় বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমিগ্রেশন বুথ চালু করা, প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ব্যাগেজ বেল্টের কার্যকারিতা পরীক্ষা ও ট্রায়াল অপারেশন পরিচালনা। এছাড়া প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ অন্যান্য প্রক্রিয়াগুলো নিয়ে করণীয় নির্ধারণ করা হয়েছে।
বেবিচকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সভায় অংশ নিয়ে টার্মিনাল চালুর প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

