প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয় চেতনা তুলে ধরার প্রত্যয়ে কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি স্মরণ করা হয়, যার মধ্যে ছিল ইতিহাসভিত্তিক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির। এরপর জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের এই পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং সিপাহী-জনতার সম্মিলিত ভূমিকার ওপর আলোকপাত করেন। তাঁরা উল্লেখ করেন যে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দিনটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সংকটকালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার পর দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্তের উন্মোচন হয়। বক্তাদের মতে, পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির যে ধারা সূচিত হয়েছিল, তা দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম ও সংহতির চেতনা ছড়িয়ে দিতে এই দিবসের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের পরিবেশনায় দুটি তথ্যচিত্র প্রদর্শন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিরা। দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা দলীয় সংগীত, নৃত্য ও পরিবেশনায় অংশ নেয়। সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ এ উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিন। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।

