জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার আকাঙ্ক্ষাকে ভিত্তিহীন ও রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, এই ধরণের কর্মকাণ্ড কেবল রাজনৈতিক চমক সৃষ্টির প্রচেষ্টা এবং শেখ হাসিনা আর দেশে ফিরবেন না।
ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন করার বিষয়টি সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে। এতে উল্লেখ করা হয়, তার আইনজীবীরা দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পূর্বের নথিপত্র বাতিল করেছে। এমন পরিস্থিতিতে নতুন করে নথিপত্র পাওয়ার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী রয়টার্স ও এপিকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার অভিপ্রায় প্রকাশ করেছিলেন। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজের এমন প্রতিক্রিয়া জানালেন।

