পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টি, শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়া এবং এই কাজে অর্থায়নের অভিযোগে দেশের ১২টি শিল্পগ্রুপ ও তাদের সংশ্লিষ্ট সব পরিচালকের ব্যাংক হিসাব তলব ও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতা, শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে দেশের ১২টি শিল্পগ্রুপ ও গ্রুপ-সংশ্লিষ্ট সব পরিচালকসহ ২০৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুটি গোয়েন্দা ইউনিট থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিস্তারিত বিবরণও তলব করেছে সংস্থাটি। মূলত এই অর্থ অস্থিরতা উসকে দিতে ব্যবহৃত হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে এনবিআর।
তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এনভয় গ্রুপের আবদুস সালাম মুর্শেদী, সেপাল গ্রুপের টিপু মুনশি, রেনেসাঁ গ্রুপের শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের নসরুল হামিদ এবং ফেবিয়ান গ্রুপের তাজুল ইসলাম।
তালিকায় আরও রয়েছেন টুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের মো. খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হুসাইন, অ্যাক্সিস নিটওয়্যারের জাহিদ আহমেদ টুলু ও গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন লিপা। এছাড়া তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সাবেক সভাপতি এস এম মান্নান কচি এবং ক্রিকেটার সাকিব আল হাসানের ভগ্নিপতি আলিফ মোল্লার নামও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

