মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন দাবি করেছেন যে, সৌদি আরব ও কাতারে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে আটক করা হয়েছে।
সোমবার নিজের অনুষ্ঠানে এমন দাবি করলেও কার্লসন তার বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তিনি প্রশ্ন তোলেন, ইরান যে দেশগুলোতে হামলা চালিয়েছে, সেখানে ইসরায়েল কেন নতুন করে বোমা হামলার পরিকল্পনা করবে। কার্লসনের ভাষ্যমতে, ইরানকে লক্ষ্যবস্তু বানানোর পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরির প্রেক্ষাপটে কার্লসন দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। এর আগে যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর জের ধরে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। আইআরজিসির দাবি অনুযায়ী, সাত শতাধিক ড্রোন ও কয়েকশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাঁচ শতাধিক স্থাপনায় আঘাত হেনেছে।
এই সংঘাতের জেরে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর মধ্যে সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত সৌদি আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার ফলে সেখানে সীমিত আকারে আগুন ছড়িয়ে পড়ে। তবে এই হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, আরব দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই এই ড্রোন হামলা চালাচ্ছে। ইরানকে জড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটিয়ে মুসলিম বিশ্বজুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও তেহরান দাবি করেছে। এতে বাণিজ্যিক বিমান চলাচল ও তেল পরিবহনে বিঘ্ন ঘটে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়।

