অনাবৃষ্টির কবল থেকে মুক্তি এবং রহমতের বৃষ্টির কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে বিশেষ প্রার্থনা জানিয়ে কাতারজুড়ে অনুষ্ঠিত হলো সালাতুল ইস্তিস্কা। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণে আয়োজিত এই বিশেষ নামাজের জামাতে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী উপস্থিত হয়ে সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে লুসাইল ঈদগাহ মাঠে এই ইবাদত অনুষ্ঠিত হয়।
নামাজ ও জামাতে আমীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আমীরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়া সরকারের মন্ত্রী, শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেম, শুরা কাউন্সিলের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। এরপর তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। খুতবায় তিনি বলেন, অনাবৃষ্টি মানুষকে মহান সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এ সময় তিনি মুসলিমদের বিনম্রচিত্তে তওবা করার পাশাপাশি বেশি বেশি ইস্তিগফার, দান-সদকা ও সৎকাজ করার আহ্বান জানান।
এছাড়া খুতবায় পানিকে আল্লাহর এক বিশাল নিয়ামত হিসেবে বর্ণনা করা হয়। ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি দেশের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধ করতে হবে। মহান আল্লাহর দেয়া এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুকরিয়া আদায় করার গুরুত্বও তিনি তুলে ধরেন।

