যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি রাজনৈতিক নেতাদের সফরকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক সংঘাত ও সহিংসতায় উদ্বিগ্ন ব্রিটিশ প্রশাসন। গত সোমবার (১৬ নভেম্বর) এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি কর্মসূচির আশপাশে যে বিশৃঙ্খলা, ডিম ও বোতল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, তা ব্রিটিশ পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে ছুটে যেতে হয়। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তাপ এখন প্রবাসেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক লন্ডনের রমফোর্ড ও চ্যাডওয়েল হিথ এলাকায় দুই পক্ষের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানা যায়, সফররত রাজনৈতিক নেতাদের ঘিরে উত্তেজনা ব্রিটেনে বাংলাদেশি রাজনৈতিক নেতাদের সফর এখন অনেক ক্ষেত্রেই স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচির বাইরে নিরাপত্তাঝুঁকির বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নাহিদ ইসলামকে ঘিরেও ক্যামব্রিজ ও পূর্ব লন্ডনে প্রতিবাদ, হয়রানির চেষ্টা এবং শেষ পর্যন্ত রমফোর্ডে সংঘর্ষের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কি এখন ব্রিটেনের রাস্তায়ও সহিংস রূপ নিচ্ছে।
এর আগেও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকালে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং প্রবেশপথ অবরোধের মতো ঘটনা ঘটেছিল। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং তাদের পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থলে যাতায়াত করতে হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির এমপি ও রাজনৈতিক বিশ্লেষকরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ এমপি রুপার্ট লওই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা এমন অনভিপ্রেত আচরণ করছে, তাদের চিহ্নিত করে সরাসরি বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান তারা। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক বিভক্তি ক্রমেই প্রকাশ্য সংঘর্ষ, হামলা, পাল্টাপাল্টি বিক্ষোভ ও সহিংসতার দিকে গড়াচ্ছে।
আইনজীবী মোহাম্মদ আলম মনে করেন, ঘন ঘন জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ বাংলাদেশি রাজনৈতিক সংগঠনগুলোর কর্মকাণ্ডের বিষয়ে আরও কঠোর হতে বাধ্য হবে। তিনি বলেন, ব্রিটিশ পুলিশের কাছে রাজনৈতিক পরিচয়ের চেয়ে জনশৃঙ্খলা রক্ষা এবং আইনের যথাযথ প্রয়োগই মূল বিবেচ্য বিষয়। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, জড়িতদের শনাক্তকরণ, গ্রেপ্তার এবং আদালতে অভিযোগ গঠনের মতো প্রক্রিয়াগুলো জোরদার করা হতে পারে।
কমিউনিটি নেতা আফজল আলী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক সংঘাতের নামে সহিংসতা অব্যাহত থাকলে পুলিশ ও প্রশাসন আর আগের মতো নমনীয় অবস্থান বজায় রাখবে না। ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা শর্ত, পুলিশের কড়া উপস্থিতি, ভেন্যুর ঝুঁকি মূল্যায়ন এবং সমাবেশের ওপর আরও কঠোর আইনসম্মত বিধি-নিষেধ আরোপ করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

