খুলনার তেরখাদা উপজেলায় মাফিজুর রহমান নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ৪৭ বছর বয়সী মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাম হাত, ডান পা ও পাঁজরের নিচে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারীদের শনাক্ত করতে এবং দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান চলছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

