ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুথি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের সাফল্যের দাবি করেছে। সরকারি মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে শুরু হওয়া এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪৪০ জন হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা সম্ভব হয়েছে।
সরকারি সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর রাজধানী সানা ও হুথিদের দখলে থাকা বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে সরকারি বাহিনী এ পর্যন্ত প্রায় ১,৩০০টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
কর্নেল আল-নাজিলি আরও জানান, যোদ্ধাদের পাশাপাশি হুথিদের সামরিক শক্তি হ্রাসে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের ফলে বিদ্রোহী গোষ্ঠীর ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট এবং নানা ধরনের ভারী অস্ত্র হয় ধ্বংস হয়েছে, নয়তো অকেজো হয়ে পড়েছে। তবে এক মাস পেরিয়ে গেলেও লড়াই এখন দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে মোড় নিয়েছে এবং উভয় পক্ষ নিজেদের অবস্থান ধরে রাখতে পালটাপালটি হামলা চালিয়ে যাচ্ছে।

