ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল-কাহতানি রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে দোহায় একটি সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়েছে। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও কাতারের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেন।
উত্তরে রাষ্ট্রদূত কাতারের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়ে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কাতারের দেওয়া অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী ধন্যবাদ জানান। তিনি এ সংকটের টেকসই সমাধানে কাতার সরকারকে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন।

