মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে ঢেলে সাজানোর যে উচ্চাকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের ছিল, তা এখন উল্টো তাদের ও ইসরাইলের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব দাবি করেছেন, মার্কিন এই নীতির কারণে দেশ দুটির অভ্যন্তরীণ পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে।
তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে হোসেইন তাইয়েব বলেন, ‘আমরা এখন জোর দিয়ে বলতে পারি যে, আমেরিকা ও ইসরাইলের অভ্যন্তরে পরিবর্তন শুরু হয়েছে এবং খুব শিগগিরই এর প্রভাব সব ক্ষেত্রে দৃশ্যমান হবে।’ ফার্স নিউজ এজেন্সির বরাতে তিনি এই মন্তব্য করেন।
তাইয়েবের মতে, বিশ্বে নিজেদের জীবনধারা ও প্রভাব বিস্তারের যে মার্কিন আকাঙ্ক্ষা ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিভিন্ন যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে দেশটির শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং শিল্পীদের সোচ্চার আন্দোলনই প্রমাণ করে যে, সরকারি নীতির বিরুদ্ধে জনমত দ্রুত শক্তিশালী হচ্ছে।
ইরানের এই কমান্ডার আরও উল্লেখ করেন, বিদেশের সামরিক অভিযানে বিপুল অর্থ ব্যয়ের বিষয়ে মার্কিন নাগরিকদের মধ্যে এখন নানামুখী প্রশ্ন উঠছে। যুদ্ধের প্রতি সাধারণ মানুষের ক্লান্তি ও অনীহা বাড়ছে। তার মতে, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফল আনতে ব্যর্থ হয়েছে; বরং এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল আজ নিজ নিজ দেশের ভেতরেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে।

