রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করতে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রপতি।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের সামগ্রিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক এবং দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
জাপান সফরে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারসহ বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং আরও সুদৃঢ় করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তারা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সচিব ও একান্ত সচিবরাও এ সময় সঙ্গে ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব-২ সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

