প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্রুততার সঙ্গে ফেডারেল বিচারকদের শূন্য পদগুলো পূরণ করার উদ্যোগ নিয়েছে। তবে এই প্রক্রিয়ার মধ্যেই বাধার মুখে পড়েছেন ট্রাম্পের মনোনীত প্রার্থীরা। টেক্সাসের বিদায়ী রিপাবলিকান সিনেটর জন কর্নিন বুধবার সিএনএনকে নিশ্চিত করেছেন যে, তিনি টি. গেইজার নামের একজন বিচারক প্রার্থীর মনোনয়নে আপত্তি জানিয়েছেন। গেইজার বর্তমানে বিচার বিভাগের ‘অফিস অব লিগ্যাল কাউন্সেল’-এর প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন। কর্নিনের আপত্তির মূল কারণ হলো, টেক্সাস-ভিত্তিক একটি বিচারিক পদের জন্য টেক্সাসের বাইরের কাউকে মনোনয়ন দেওয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের বিচারিক অভিজ্ঞতা নেই এবং যথাযথ যাচাই-বাছাই করা হয়নি—এমন কাউকে টেক্সাসের ওপর চাপিয়ে দেওয়া তিনি কিছুতেই মেনে নেবেন না।
বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সিনেটে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। নর্থ ক্যারোলাইনার মিডল ডিস্ট্রিক্টের মার্কিন জেলা বিচারক পদের জন্য মনোনীত প্রার্থী ফিলিপ অবার্টকে ঘিরে কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল প্রশ্ন তোলেন। তিনি অবার্টের উদ্দেশ্য করে বলেন, তার এই প্রশ্ন মূলত মনোনীত প্রার্থীর স্বাধীনতা এবং নিরপেক্ষতা যাচাই করার জন্য। শুধু তাই নয়, কমিটির একাধিক সদস্য মনোনীত প্রার্থীদের কাছে ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার ঘটনা নিয়ে মতামত জানতে চান। তবে মনোনীত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় এ নিয়ে হতাশা প্রকাশ করা হয়। পাশাপাশি, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সম্ভাব্য রায় দেওয়ার মানসিকতা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে প্রার্থীদের কাছে।
বুধবার শুনানি শেষে ডেমোক্র্যাট সিনেটররা বিচারক নিয়োগের এই তাড়াহুড়ো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নিউজার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার এই প্রক্রিয়াকে অত্যন্ত হতাশাজনক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশের দীর্ঘস্থায়ী ও শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করে স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে এই প্রচেষ্টা চালানো হচ্ছে। এই সমালোচনা প্রত্যাখ্যান করে টেক্সাসের আরেক রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ পাল্টা যুক্তি তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আগে এবং প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে ২২ জন ফেডারেল বিচারককে দ্রুততার সঙ্গে নিয়োগ দিয়েছিল। রাজনৈতিক উত্তাপের মধ্যে সিনেটে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। এর আগে, কংগ্রেসের নির্বাচিত কয়েকজন সদস্যকে ট্রাম্প প্রশাসন সতর্ক করে বলেছিল যে, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই নির্বাহী ক্ষমতার মাধ্যমে কিছু কর্মকাণ্ড চালানো সম্ভব হতে পারে।

