কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদের নিরাপদে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে গুগল সম্প্রতি ‘মিরর ডাইমেনশন’ নামে একটি কৃত্রিম ইন্টারনেটের জগৎ তৈরি করেছে। সাধারণ মানুষের চোখে যা হুবহু ইন্টারনেটের মতোই, সেখানে অনলাইন শপিং, সামাজিক মাধ্যম কিংবা ব্যাংকিং ড্যাশবোর্ডের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু বাস্তবে এগুলো কোনোটিই আসল ওয়েবসাইট নয়। গুগলের ব্রাউজার ক্রোমের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ এআই এজেন্টদের বাস্তব দুনিয়ার বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিতে এই নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশটি ব্যবহার করা হচ্ছে। বাইরে থেকে দেখলে সবকিছুই বাস্তব মনে হবে।
প্রকৃত ইন্টারনেটে এআই প্রশিক্ষণ দেওয়া বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ। ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলে সেখানে একই পরীক্ষার পুনরাবৃত্তি করা সম্ভব হয় না। এছাড়া পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে কোনো এআই এজেন্টকে সরাসরি ইন্টারনেট ব্যবহারের অনুমতি দিলে তা ব্যবহারকারীর গোপনীয়তা বা আর্থিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এছাড়া এআই মডেলগুলো অনেক সময় বুঝতে পারে যে তাদের পরীক্ষা করা হচ্ছে, যার ফলে তারা কৃত্রিম আচরণ করে। এই ‘ইভাল্যুশন অ্যাওয়ারনেস’ সমস্যা সমাধানে গুগল মিরর ডাইমেনশনকে এমনভাবে সাজিয়েছে, যাতে এআই এটাকে আসল ইন্টারনেট বলেই মনে করে। কোনো সমস্যা পাওয়া গেলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট এজেন্টকে জানায়।
গুগলের তৈরিকৃত এই ব্যবস্থায় ‘জিভাইজর’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রিত একটি ডিজিটাল পরিবেশ নিশ্চিত করে।
কোনো এআই এজেন্ট যখন কোনো ওয়েবসাইটের ঠিকানায় যাওয়ার চেষ্টা করে, তখন সিস্টেমটি তাকে স্বয়ংক্রিয়ভাবে সেই ওয়েবসাইটের কৃত্রিম সংস্করণে নিয়ে যায়। ক্রোমের অ্যাড্রেসবারে আসল ওয়েবসাইটের ঠিকানাই প্রদর্শিত হয় এবং বিশেষ ধরনের ভুয়া ওয়েব সার্টিফিকেট ব্যবহারের ফলে ব্রাউজার কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা ছাড়াই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারে। গুগল স্পষ্টভাবে জানিয়েছে যে, এই ব্যবস্থা শুধুমাত্র তাদের ব্যক্তিগত পরীক্ষামূলক নেটওয়ার্কেই সীমাবদ্ধ। সাধারণ ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারে হ্যাকারদের পক্ষে হুবহু এমন কোনো ব্যবস্থা তৈরি করা প্রযুক্তিগতভাবে অসম্ভব। এই পরিবেশে এআই নিজে থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে, লিংকে ক্লিক করতে পারে, অনলাইন ফরম পূরণ করতে পারে, পডকাস্ট নামাতে পারে, এমনকি কেনাকাটাও করতে পারে। এ ব্যবস্থা চালু করতে গিয়ে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থার বিষয়টিও বিবেচনায় নিতে হয়েছে গুগলকে। যেমন অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে পণ্য কেনার ঝুড়ি বা শপিং কার্ট, ছাড়ের কুপন ব্যবহারের ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা কীভাবে কাজ করবে, তা তারা পরিকল্পনা করে।
হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট তৈরি করার কাজটি গুগল তাদের নিজস্ব এআই এজেন্টদের দিয়েই সম্পন্ন করেছে। গবেষণার দায়িত্বে থাকা এজেন্টরা সাইটের বৈশিষ্ট্য নির্ধারণ করে, নির্মাণের দায়িত্বে থাকা এজেন্টরা কোড লেখে এবং পর্যালোচনার দায়িত্বে থাকা এজেন্টরা ডেভেলপার টুলের মাধ্যমে ভুলত্রুটি সংশোধন করে। এর মাধ্যমে রান্নার রেসিপি, স্থানীয় কেনাবেচা ও ব্যাংকিং ড্যাশবোর্ডের মতো নানাবিধ সাইট তৈরি করা হয়েছে, যা এআই এজেন্টকে একটি পূর্ণাঙ্গ ইন্টারনেটের অভিজ্ঞতা প্রদান করে। প্রতিটি পরীক্ষার আগে এই পরিবেশটি নতুন করে সাজানো হয়, ফলে পূর্ববর্তী কোনো কাজের প্রভাব পরের পরীক্ষায় পড়ে না।
এই ধরনের কৃত্রিম পরিবেশ তৈরির অন্যতম প্রধান লক্ষ্য হলো এআইকে ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া। হ্যাকাররা প্রায়ই ওয়েব পেজের ছবি বা লেখার মধ্যে ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে, যা এআই এজেন্টকে বিভ্রান্ত করতে পারে। গুগল প্রথমে দেখেছে যে তাদের এজেন্ট অস্বাভাবিক ওয়েব অ্যাড্রেস দেখে পরীক্ষা শনাক্ত করে ফেলছে। পরবর্তীতে প্রকৌশলীরা ওয়েবসাইটের অদৃশ্য হেডারে আক্রমণের সংকেত লুকিয়ে রাখার ব্যবস্থা করেন, যাতে এআইয়ের পক্ষে পরীক্ষার বিষয়টি ধরা কঠিন হয়ে পড়ে।
গুগলের এই স্বয়ংক্রিয় ব্যবস্থার দক্ষতা অসাধারণ। একজন নিরাপত্তা প্রকৌশলী এই প্রযুক্তির সাহায্যে দিনে প্রায় এক হাজারের বেশি সম্ভাব্য সাইবার আক্রমণের পরিস্থিতি তৈরি করতে পারেন, যা মানুষের হাতে করা কাজের তুলনায় ৩০ গুণেরও বেশি। তবে এসব পরীক্ষায় এআই এজেন্টদের সাফল্যের হার বা বিস্তারিত কোনো ফলাফল গুগল প্রকাশ করেনি। এসব এজেন্টের প্রত্যেকের দায়িত্ব আলাদা।

